ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকার স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের উপপরিচালক ও টিম লিডার মো. মশিউর রহমান এই আবেদন করেন এবং দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, নজরুল ইসলামের নামে ৩৮ কোটি ৩৯ লাখ ১৩ হাজার টাকা এবং তার স্ত্রী তাসলিমা ইসলামের নামে ১৯ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। এসব সম্পদের মধ্যে ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি, ফ্ল্যাট ও আবাসিক প্লট রয়েছে। গ্রাহকদের সঞ্চয়ের অর্থ আত্মসাৎ ও অতিরিক্ত দামে জমি ক্রয়ের মতো বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ইতোমধ্যে সাতটি মামলা দায়ের করা হয়েছে।
২০২৫ সালের ২৩ অক্টোবর নজরুল ইসলামকে একটি মামলায় গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে সময় তিনি এসব সম্পদের মালিকানার তথ্য দেন। অনুসন্ধানকালে দুদক জানতে পারে যে, এই দম্পতি তাদের নামে থাকা স্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ হস্তান্তর রোধে এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতি এড়াতে দুদক আদালতে এই ক্রোকের আবেদন করেছিল। বর্তমানে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।