নয়াদিল্লিতে আয়োজিত দুই দিনের শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস ভুক্ত দেশগুলো। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্ব বাণিজ্যের অবাধ প্রবাহ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নেন। যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বেসামরিক ও পারমাণবিক অবকাঠামোতে হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতা ও সামুদ্রিক চলাচলের স্বাধীনতার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি সহিংসতার অবসান এবং ফিলিস্তিনের পূর্ণ জাতিসংঘ সদস্যপদের জোরালো সমর্থন জানানো হয়।
উল্লেখ্য, ২০০৬ সালে গঠিত উদীয়মান অর্থনীতির এই জোটটি বর্তমানে সম্প্রসারিত হয়ে ১১ সদস্য বিশিষ্ট হয়েছে। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নানা চ্যালেঞ্জের মুখে গ্লোবাল সাউথকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।