দেশের অন্যতম নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে তিন দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসবে বর্ণাঢ্য র্যালি, শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান, বিশেষ পরিবেশনা ও নৃত্য প্রদর্শনীর আয়োজন করা হয়। শুক্রবার ১১ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে নৃত্যাঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও কলাকুশলীদের পাশাপাশি প্রতিষ্ঠানের দুই পরিচালক শামীম আরা নীপা এবং শিবলী মোহাম্মদ অংশ নেন।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছড়ায় ছন্দে নৃত্যমালা’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিনসহ বিশিষ্টজনেরা। ছড়া, ছন্দ, শিক্ষা ও আনন্দের সমন্বয়ে নির্মিত এ আয়োজনে নৃত্যাঞ্চলের ৪০০-এর বেশি শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়। যার নৃত্য পরিচালনা করেন শামীম আরা নীপা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিবলী মোহাম্মদ।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে রজতজয়ন্তী উৎসবের সমাপনী আয়োজন ‘নৃত্যমালিকা’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। লোকনৃত্য, সৃজনশীল ও ধ্রুপদি নৃত্যের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০০-এর বেশি শিল্পী অংশ নেবেন এবং এর অন্যতম আকর্ষণ শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের বিশেষ নৃত্য পরিবেশনা। তিন দিনব্যাপী এ উৎসবের মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন এবং সহযোগিতায় রয়েছে শাহ সিমেন্ট।