সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের তহশিলদার প্রভঞ্জন কুমার রায়ের বিরুদ্ধে ৪০ হাজার টাকা ঘুষ দাবি এবং ঘুষ না দেওয়ায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো.আমিনুল ইসলামের দাবি, জমি সংক্রান্ত একটি মামলার তদন্তের সময় তাঁর কাছে ঘুষ দাবি করা হয়। একই সঙ্গে বিরোধীয় দুই শতক জমি প্রতিপক্ষের কাছে বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এতে রাজি না হওয়ায় তাঁর বিপক্ষে মিথ্যা তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি আমিনুলের।
তবে অভিযোগ অস্বীকার করেছেন তহশিলদার প্রভঞ্জন কুমার রায়। তাঁর দাবি,কাগজপত্রের ভিত্তিতেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।