হবিগঞ্জের বাহুবল উপজেলায় জিরাভর্তি একটি ট্রাক আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ এবং প্রায় কোটি টাকা মূল্যের জিরা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার।
আটকরা হলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. হেলাল মহালদার এবং তার সহযোগী বেলাল মিয়া। পুলিশ জানায়, সরকারি নিলাম থেকে ১৭১ বস্তা ভারতীয় জিরা কিনে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকটি আটক করেন হেলাল।
পরে একটি পেট্রোল পাম্পের পেছনে ট্রাকটি আটকে ব্যবসায়ীর কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী বাহুবল থানা পুলিশকে বিষয়টি জানালে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল ও বেলালকে আটক করে।
আটকদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার ভুগলী এলাকা থেকে জিরাসহ ট্রাকটি উদ্ধার করা হয়। ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।