ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের মজুত শক্তিশালী করতে নয় হাজার টন ছোলা এবং এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সিসিজিপির ৪৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয় এবং এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির ভর্তুকিমূল্যে ও খোলাবাজারে পণ্য বিক্রয় কার্যক্রমে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এসব পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অস্ট্রেলিয়ার অস্ট-গ্রেইন এক্সপোর্টস পিটিওয়াই লিমিটেড থেকে নয় হাজার টন ছোলা আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ২২ লাখ টাকা এবং প্রতি কেজি ছোলার দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬৭ পয়সা। এছাড়া স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। দুই লিটারের পিইটি বোতলে এ তেল টিসিবিকে সরবরাহ করা হবে এবং এতে মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা।
স্থানীয় চারটি প্রতিষ্ঠান এই তেল সরবরাহ করবে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ এবং প্রধান অয়েল মিলস লিমিটেড প্রত্যেকে ২০ লাখ লিটার করে তেল সরবরাহ করবে। এছাড়া মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেড ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড প্রত্যেকে ৩০ লাখ লিটার করে তেল সরবরাহ করবে। এসব পণ্য কেনার ফলে টিসিবির প্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত পর্যাপ্ত রাখা এবং বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের প্রচেষ্টা আরও জোরদার হবে।