রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, আলোব্দি, ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জন লোক ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার সব মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।
এ সময় ঘটনাস্থл থেকে ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল, সবুজ, আল-আমিন, মুসা, রিজু হোসেন, আলিফ হোসেন, জীবন, রাহাত, রনক তালুকদার, রাসেল, ইমন, দিপু দাস ও তামিম মোল্লা।
শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান যে আসামিদের পল্লবী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।