চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক হুইপ এবং পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেফতার দেখিয়েছে আদালত।
কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তা মঞ্জুর করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে আন্দোলনকারী নাইম হাওলাদার (১৭) নিহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ২৪ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
একই দিন ওই এলাকায় গুলিতে তারেক চৌকিদার (২৪) নামের আরেক আন্দোলনকারী আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেফতার করে পুলিশ।