পুরোনো ফ্যাশন নিয়ে নিজের মত জানালেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রতি অগ্নিহোত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে আবারো ফিরে এসেছে আশির দশকের ফ্যাশন ও সাজসজ্জা। পুরোনো সেই লুক নিয়ে এবার নিজের অভিজ্ঞতা ও পছন্দ-অপছন্দের কথা জানিয়েছেন তিনি।
রতির মতে, সেই সময়ের সঠিক লুক ফুটিয়ে তুলতে চোখের সাজে থাকতে হবে নাটকীয়তা। ঠোঁট হতে হবে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা এবং কিছুটা পাউট করা। সে সময়ের মেকআপে ন্যুড শেড বা খুব হালকা রঙের ব্যবহার ছিল না; বরং থাকত মিউটেড বা কিছুটা নরম রঙ।
আশির দশকের ফ্যাশন নতুন করে ফিরে এলেও এর আসল আবহ পুরোপুরি ধরা পড়ছে না বলে মনে করেন রতি। তিনি জানান, তখনকার মেকআপ আজকের মতো অতিরিক্ত কেকি ছিল না, আবার এখনকার মতো এতটা ভালোভাবে ব্লেন্ডও করা হতো না। এমনকি মেকআপের কিছু নামও সময়ের সঙ্গে বদলে গেছে।
‘এক দুজে কে লিয়ে’ ও ‘কুলি’-এর মতো জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী মনে করেন, তরুণরা পুরোনো দিনের সাজে আনন্দ করছেন, এটি ভালো লাগার মতো বিষয়। আশির দশকের একটি ফ্যাশন আর ফিরে আসুক, তা চান না রতি। সেটি হলো অদ্ভুত নকশার চোলি বা ব্লাউজজাতীয় পোশাক।