সাংস্কৃতিক লড়াইকে সব লড়াইয়ের ভিত্তি বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জাতীয় কনভেনশনে তিনি এই কথা বলেন।
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কনভেনশনে দেশের প্রায় ৪৫ জেলা থেকে প্রায় ৫৫০ জন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার তপন এতে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মফিজুর রহমান লালটু।
আনু মুহাম্মদ বলেন, জনগণের ভেতর ক্ষমতা, আধিপত্য ও সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে প্রত্যাখ্যানের শক্তি সংস্কৃতিচর্চা থেকেই আসবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কৃতিকর্মীদের লড়াইয়ের তাগিদে আয়োজিত এই কনভেনশনকে তিনি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ লেখক-শিল্পীদের দমন করেছে এবং তাদের সংগঠনগুলোকে ধ্বংস করেছে। তবে গণঅভ্যুত্থানে সেই সাংস্কৃতিক সংগঠনের শক্তি আবার দেখা গেছে উল্লেখ করে তিনি জানান, লড়াইয়ের শক্তি আকাশ থেকে আসে না, বরং জমিন থেকেই আসে।