অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় দুই রক তারকা নগরবাউল জেমস এবং ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে বিশেষ এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কনসার্টকে সামনে রেখে বর্তমানে দুজনই সিডনিতে অবস্থান করছেন। সেখানে পৌঁছেই জেমসের সঙ্গে দেখা করেন রূপম ইসলাম এবং সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। জেমসকে ‘গুরু’ সম্বোধন করে রূপম লেখেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি—আসছো তো সবাই?’
আয়োজনটি নিয়ে এক ভিডিও বার্তায় ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস বলেন, “আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।”
এর আগে ২০২৪ সালে ভারতে আয়োজিত ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে একসঙ্গে পারফর্ম করেছিলেন এই দুই রক তারকা। নতুন করে সিডনির মঞ্চে তাঁদের একসঙ্গে পরিবেশনা দেখার সুযোগ তৈরি হওয়ায় অস্ট্রেলিয়াপ্রবাসী দুই বাংলার সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।