আত্মহত্যার হার শূন্যে নামিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ সমস্যা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেমিনারে শিক্ষার্থীদের আত্মহত্যাকে ‘না’ বলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জীবনে যত বড় বিপদই আসুক, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ব্যর্থতায় কোনোভাবেই হতাশ হওয়া যাবে না, নিরন্তর প্রচেষ্টা ও বারবার চেষ্টার মাধ্যমেই মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে।
মানসিক চাপ ও হতাশা মোকাবিলায় পরিবার এবং বন্ধুদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, যেসব বিষয় পরিবারের সঙ্গে বলা সম্ভব হয় না, সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। একই সঙ্গে গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে ইতিবাচক চিন্তা ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়ে সচেতনতা সৃষ্টির তাগিদ দেন তিনি।