দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯০৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এসময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫০ জন এবং চট্টগ্রামে ২৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৬৫ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৩৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।