গাইবান্ধার সাঘাটা উপজেলায় পাউরুটি দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মোন্তাজ ওরফে চেংটু। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে শিশুটিকে পাউরুটি দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নেয় চেংটু। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে স্বজনরা দ্রুত তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাৎক্ষণিক ভাবে শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত চেংটু গা-ঢাকা দিয়েছে। বিষয়টি নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে। চেংটুর অবস্থান জানতে চাইলে পরিবারের সদস্যরা পরস্পর বিরোধী বক্তব্য দেন,কেউ বলেন তার খোঁজ জানেন না,আবার কেউ দাবি করেন সে মাছ ধরতে গেছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি সত্য এবং ডাক্তারি (মেডিকেল) পরীক্ষা করলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।