বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ সাদিক। বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আদর্শিক রাজনৈতিক ধারার সূচনা করেছিলেন। শহীদ জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে এক নতুন জাতি-রাষ্ট্র গঠনের লক্ষ্য স্থাপন করেছিল।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ জিয়ার স্মৃতি ও বিএনপির আদর্শ চিরস্থায়ী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি সমৃদ্ধশালী আধুনিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার জন্য সকলের ঐক্য ও সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক উপদেষ্টা মোঃ রফিক উল্লাহ প্রমুখ। এছাড়া আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আক্তার হোসেন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম ও শহিদুল ইসলাম মামুনসহ অনেকে বক্তব্য দেন।