বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সঙ্গে মতবিনিময় সভা করেছে মিলভিক বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডিজিএইচএসের পরিচালক ডা. মো. নুরুল ইসলাম। সভায় দুই পক্ষের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে দেশের চলমান স্বাস্থ্যখাত রূপান্তরকে আরও গতিশীল করতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
সভায় মিলভিক বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কান্ট্রি ম্যানেজার মো. মুইনুর রহমান এবং ডিজিএইচএসের পক্ষে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মিলভিক বাংলাদেশ দেশের সব শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে তাদের চলমান কার্যক্রম সভায় তুলে ধরে। প্রতিষ্ঠানটি জানায়, ডিজিটাল সমাধান দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান উপস্থাপনায় ইশরাত মুস্তাফা দেখান কীভাবে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা রোগীদের যোগ্য চিকিৎসকদের সঙ্গে যুক্ত করে বিদ্যমান ব্যবধান কমাতে পারে। ডা. মো. নুরুল ইসলাম স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে মো. মুইনুর রহমান সবার কাছে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মিলভিক বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।