গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের 'ভোরের পাখি' গ্রামে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাজেদুর রহমান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।
ত্রাণ বিতরণকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব ঈফফাত জাহান তুলি এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ বাবুল আহম্মেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। নদী ভাঙনের কারণে ভিটামাটি হারানো মানুষের সার্বিক দুর্ভোগের কথা শোনেন অতিথিরা এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে টানা ভাঙনে নিঃস্ব হওয়া স্থানীয় বাসিন্দারা ত্রাণ সহায়তার পাশাপাশি নদী ভাঙন রোধে অতি দ্রুত একটি স্থায়ী বাঁধ নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন। প্রতিনিয়ত ভিটেমাটি ও ফসলি জমি বিলীন হতে থাকায় জরুরি ভিত্তিতে টেকসই নদী রক্ষা বাঁধের মাধ্যমেই কেবল এই অঞ্চলের মানুষের ভাগ্যের অবসান ঘটতে পারে বলে মনে করছেন ভুক্তভোগী চরাঞ্চলের মানুষেরা।