ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে মালিকহীন অবস্থায় ৮০টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। বুধবার রাতে উদ্ধার করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা কাস্টমস হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে তাদের কাছে তথ্য আসে যে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড-৫২৩) সোনা চোরাচালান হচ্ছে। তাৎক্ষণিকভাবে কর্মকর্তারা উড়োজাহাজটিতে তল্লাশি চালাতে যান এবং সেটিকে যাত্রীবিহীন অবস্থায় পান।
পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ১৯-এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলে নিয়ে সেগুলো খুলে ৮০টি সোনার বার পাওয়া যায়।
জব্দ করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম এবং সবমিলিয়ে মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম। সোনার বারগুলো বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা রাখা হয়েছে এবং তা বাংলাদেশ ব্যাংকে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।