দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। শুধুমাত্র আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এই ১ হাজার ২৫২ জন ভর্তি হন। এর ফলে চলতি বছর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ৫৩২ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন এবং এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরের গত ৩ দিনে ১৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৪৫৩ জন। পাশাপাশি খুলনা বিভাগে ২৪৭ জন, চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৭ এবং ময়মনসিংহে ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।