অভিনয় থেকে দীর্ঘদিন দূরে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডের ওই বক্তব্য নিজের নয় বলে পরিষ্কার জানিয়েছেন অভিনেত্রী পপি নিজেই।
ভাইরাল হওয়া ওই বক্তব্যে দাবি করা হয়, পপি বলেছেন যতটা পাপ কামিয়েছেন তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চান। এই বিষয়টি নিয়ে গত বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে মুখ খুলেছেন পপির প্রথম নায়ক ওমর সানী।
‘কুলি’খ্যাত অভিনেতা ওমর সানী তার পোস্টে বলেন পপির কথাটা যেভাবে এসেছে তা এভাবে ঠিক নয়, যদি সে এভাবে বলে থাকে। ধর্ম ও কর্ম দুটি আলাদা বিষয় উল্লেখ করে তিনি জানান কর্ম হালাল হলে ধর্মে কোনো কথাই নেই.
চলচ্চিত্রের বাইরের মানুষদের তুলনায় চলচ্চিত্রের মানুষদের ভালো দাবি করে তিনি আরও বলেন আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা ও মদিনায় যেতে পারে না কিন্তু আল্লাহ আমাদের ডেকেছেন। সবশেষে পপিকে ছোট মানুষ উল্লেখ করে অভিনেতা ওমর সানী তার পোস্টে লেখেন, ও তো এখনও আমার কাছে ছোট মানুষ, ভালো থাকিস পপি।
উল্লেখ্য, ১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় আসেন পপি এবং এই সিনেমার নায়ক ছিলেন ওমর সানী। এরপর এই জুটিকে ‘আমার বউ’সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে দেখা যায়।