পাঞ্জাবি নায়িকা ইশা রিখির সঙ্গে ঘর বাঁধার ৬ মাস পূর্ণ হওয়ার আগেই সংসার ভাঙার গুঞ্জন সত্যি হলো। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়া এবং নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। সোমবার (৩১ আগস্ট) দিবাগত মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে এই বিচ্ছেদের ঘোষণা দেন ভারতীয় র্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা।
বিচ্ছেদের ঘোষণা দিয়ে বাদশা জানান, পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সবাইকে সম্মান জানানোর অনুরোধ করেছেন। এ বিষয়ে এটিই তাদের একমাত্র বিবৃতি উল্লেখ করে বাদশা তাদের সম্পর্ক নিয়ে আর কোনো ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান। তবে কী কারণে মাত্র ৬ মাসের মধ্যে এই সংসার ভাঙল, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে ইশা রিখি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন পোস্ট দিয়ে লেখেন যে তিনি দীর্ঘ সময় ধরে ভয় নিয়ে বেঁচে ছিলেন এবং নীরবতাকে টিকে থাকার উপায় হিসেবে বেছে নিয়েছিলেন। ইশার মা পুনম রিখি চলতি বছরের মার্চ মাসে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বাদশার সঙ্গে ইশার বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন। কমন বন্ধুর মাধ্যমে পার্টিতে পরিচয়ের পর পরিবারকে জানিয়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।