শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পানিতে পড়ে ১ মাস ১০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শিশুটির মৃত্যুর ঘটনাটি পুলিশের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গতকাল বিকেলে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছুরিরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে সখিপুর সাজেদা-জাব্বার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বিষয়টি সখিপুর থানা পুলিশকে জানানো হয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে। একপর্যায়ে ঘটনাটি পুলিশের কাছে অস্বাভাবিক মনে হলে রাত আনুমানিক ৪টার দিকে শিশুটির মরদেহ ছুরিরচর এলাকা থেকে থানায় নেওয়া হয়।
পরে সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
সখিপুর থানা পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
ঘটনার সঠিক তথ্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।