দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের প্রাণহানি হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ৩৯ জন মারা গেছেন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা যান।
বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯৩ জন, যা মিলিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৪৫৯ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশালে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ময়মনসিংহে ৮১ জন এবং রাজশাহী বিভাগে ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।