টানা দুই দিনের বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতুটি নিমজ্জিত হয়েছে। আজ দুপুর ২টার দিকে সেতুর পাটাতন প্রায় চার ইঞ্চি পানির নিচে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ সেতুটিতে পর্যটক প্রবেশ ও টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পানি নেমে গেলে সেতুটি মেরামত করে পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এদিকে কাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বাঘাইছড়ি পৌরসভাসহ খেদারমারা, আমতলী ও সাজেক ইউনিয়নের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে।
ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রিপন চাকমা জানান, বন্যাকবলিত গ্রাম ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ ক্যা চি নু মারমা জানান, বৃহস্পতিবার ও শুক্রবার জেলায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে।
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে আজ রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট খুলে দেওয়া হতে পারে। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জরুরি নোটিশে জানানো হয়, দুপুর ২টায় হ্রদের পানির স্তর ছিল ৩২.২০ মিটার, যেখানে এর সর্বোচ্চ ধারণক্ষমতা ৩৩.২২ ফুট। প্রাথমিকভাবে গেটগুলো ছয় ইঞ্চি খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হতে পারে।