গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া গ্রামের বিপুল সোনারের বিরুদ্ধে জমি জবরদখল, মারপিট, হত্যা, চাঁদা দাবি, অবৈধভাবে বালু উত্তোলন, নারী নির্যাতনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, বিপুল সোনারের বিরুদ্ধে সুন্দরগঞ্জ ও চিলমারী থানায় ওয়ারেন্টসহ অন্তত এক ডজন মামলা চলমান রয়েছে। সর্বশেষ গত ১০ আগস্ট লখিয়ারপাড়া গ্রামের মোছা. জেলী বেগমের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ, মারপিট, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বিপুল সোনার। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. মোজাহারুল ইসলামও বিপুল সোনারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিপুল সোনারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।