ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে শোরুমের ক্যাশ বাক্স থেকে আড়াই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। হামলা চলাকালে ভুক্তভোগী ব্যবসায়ীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
গত ২৯ আগস্ট (শনিবার) রাতে আশুলিয়ার বাসাইদ এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. ফয়সাল জানান, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা গত কয়েক মাস ধরেই তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৯ আগস্ট রাতে সন্ত্রাসী চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর শোরুমে অতর্কিতে প্রবেশ করে। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং শোরুমের ক্যাশ বাক্স ভেঙে নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ব্যবসায়ী ফয়সাল অভিযোগ করে আরও বলেন, ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্ত্রাসীরা তাঁকে হুঁশিয়ারি দিয়ে যায়—আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার বাকি টাকা পরিশোধ না করলে তাঁকে হত্যা করা হবে। এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তা ও বিচারের দাবিতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। অভিযোগপত্র অনুযায়ী ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা হলেন—সুমন, কাওছার, জয়, সোহেল, শাহীন ও জনি। এছাড়া আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে হামলায় সহায়তার জন্য অভিযুক্ত করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, "ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।