কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়ের সঙ্গে অভিনেতা সোহম মজুমদারের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে উড়ছিল। গত বছর এক সাক্ষাৎকারে সোহম জানিয়েছিলেন শোলাঙ্কি ও তিনি খুবই ভালো বন্ধু। তবে কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে শোলাঙ্কি ও সোহমের প্রেম ভেঙে গেছে। গত জুলাই মাসের শেষ দিকে সোশ্যাল মিডিয়ায় শোলাঙ্কির একটি পোস্ট দেখে নেটিজেনদের ধারণা হয় তাদের ব্রেকআপ হয়েছে।
ভাঙা প্রেম নিয়ে নিয়মিত চর্চা চললেও এতদিন চুপ ছিলেন শোলাঙ্কি ও সোহম। অবশেষে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা সোহম মজুমদার। তিনি স্পষ্ট জানান যে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও তিনি কখনো বলেননি যে শোলাঙ্কির সঙ্গে তিনি সম্পর্কে আছেন। একই কথা শোলাঙ্কিও বলেছেন বলে তার জানা নেই বলে জানান এই অভিনেতা।
শোলাঙ্কিকে নিয়ে কথা বলতে গিয়ে সোহম মজুমদার আরও বলেন, এই সাক্ষাৎকারে তিনি যদি তার ব্যক্তিগত কথা বলা শুরু করেন তাহলে সেটা স্বার্থপরতা হবে। শোলাঙ্কি তার খুবই ভালো বন্ধু এবং তাকে তিনি খুবই সম্মান করেন। তাই এটা নিয়ে কোনো নোংরা মন্তব্য করা বা কোনো কথাই তিনি বলতে চান না বলে জানান সোহম।
একটি কথা নিয়ে আবার নানা কথা হবে এবং সেটা তিনি একদমই চান না বলে উল্লেখ করেন অভিনেতা। কারণ হিসেবে তিনি জানান যে তাদের দুজনেরই পরিবার রয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালের শুরুর দিকে শাক্য বোসকে বিয়ে করেছিলেন শোলাঙ্কি এবং পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বড়পর্দা ও ওয়েব সিরিজের পাশাপাশি ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।