সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় অতিরিক্ত আইজিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে অফিশিয়াল ফিউনারেল প্রদান করা হয় এবং কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ড. এম এনামুল হক ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ডিএমপি কমিশনার ও সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন।
রাজশাহী জেলার গোদাগাড়ীতে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করা এই কর্মকর্তা শিক্ষাজীবনেও অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্স থেকে পিএইচডি লাভ করেন। তিনি ইন্টারপোলের নির্বাচিত সদস্য ও আইন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনের পাশাপাশি লেখক হিসেবেও ড. এনামুল হকের ব্যাপক খ্যাতি ছিল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪টি। আইজিপি মো. আলী হোসেন ফকির ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মরহুমকে গোদাগাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।