জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতির কারণে রংপুর বিভাগজুড়ে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকট। ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও শিক্ষার্থীদের পড়াশোনা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ঘাটতি সমন্বয়ের অংশ হিসেবে রংপুর বিভাগে সর্বোচ্চ ২৫০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
জ্বালানি সংকট এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হওয়াকে চলমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর প্রভাবে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, অনেক এলাকায় দিনে ও রাতে মিলিয়ে টানা ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ, দৈনন্দিন কর্মকাণ্ডসহ শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, বিদ্যুৎ সংকট দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অনিয়মিত ও দীর্ঘ সময়ের লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা।
তাদের দাবি, বিদ্যুৎ সরবরাহে স্বচ্ছতা আনতে আগে থেকেই লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে দ্রুত জাতীয় বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।