দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকাল ৯টা থেকে এই পূর্বাভাস কার্যকর হয়েছে এবং এর পেছনে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব রয়েছে।
আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।