গাইবান্ধার সুন্দরগঞ্জে পানের সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় ওষুধ খাইয়ে এক মিশুক অটোরিকশাচালককে অচেতন করে তার মিশুক অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে অচেতন অবস্থায় গংসারহাট বাজার থেকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী মো. আফজাল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার ময়েজ মিয়ার নয়ারহাট এলাকার বাসিন্দা। তিনি মিশুক অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে আফজাল হোসেনকে পানের সঙ্গে চেতনানাশক বা নেশাজাতীয় ওষুধ খাওয়ায়। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তার ব্যবহৃত মিশুক অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় গংসারহাট বাজার এলাকায় দেখতে পেয়ে উদ্ধার করেন। বর্তমানে তিনি পুরোপুরি সচেতন না থাকায় নিজের বাসার ফোন নম্বরও জানাতে পারছেন না।
এ ঘটনায় আফজাল হোসেনের পরিচিতজন ও স্বজনদের প্রতি দ্রুত গংসারহাট বাজারে উপস্থিত হয়ে তাকে সহায়তা করার জন্য আকুল আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।