গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উত্তর দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে ৩৫৭ কেজি সরকারি রড চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের নৈশপ্রহরী মোমিনুল ইসলাম, তার ছোট ভাই মাহিদুল ইসলাম, প্রতিবেশী জাহিদ মিয়া ও দারোয়ান জুয়েল মিয়া চুরি করা রড একটি ভ্যানে করে রসুলপুরের মহিষবান্দি এলাকার একটি ভাঙারির দোকানে নিয়ে বিক্রি করেন।
বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপির কর্মী নূর সালাফী ও সাজু মিয়া ওই ভাঙারির দোকানে গিয়ে রডগুলো শনাক্ত করেন। এ সময় মাহিদুল ইসলাম, জাহিদ মিয়া ও জুয়েল মিয়া সেখান থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হা-মীম ইন্টারন্যাশনালের প্রকৌশলী সুজা মিয়া ঘটনাস্থলে গিয়ে চুরি হওয়া রডগুলো উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান ও মুকুল মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ নয়ন রড চুরির ঘটনা স্বীকার করেছেন বলে জানা গেছে।
উপজেলা প্রকৌশলী মো. মেনাজ বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী সুজা মিয়া জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ চুরির অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।