রাজধানীর কদমতলীর শ্যামপুরের বরইতলা এলাকায় ছুরিকাঘাতে মো. জনি (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার এসআই মো. জিন্নাত জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে শ্যামপুরের বরইতলা এলাকায় গিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নাঈম ইসলাম জানান, জনি রাতে রিকশা চালাতে বাসা থেকে বের হয়েছিলেন। পরে শনিবার সকালে ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে তিনি জনির মরদেহ দেখতে পান।
নিহত জনি শ্যামপুর ব্রিজ এলাকার নবারুণ গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবা তোতা মিস্ত্রী পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক। মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে।