পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই ধর্মীয় শোভাযাত্রায় ৫০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বশান্তি ও মানবতার বার্তা নিয়ে আয়োজিত এবারের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.)।
বুধবার সকাল ৮টায় ষোলশহরের আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুস শুরু হয়ে নির্ধারিত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। জুলুসকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরীর বিভিন্ন সড়ক পতাকা, ব্যানার-ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। শৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন এবং নগর পুলিশ বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে।
১৯৭৪ সালে পীরে কামেল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)-এর দিকনির্দেশনায় চট্টগ্রামে প্রথম এই জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছিল। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু জানান, প্রিয়নবীর সুমহান আদর্শ প্রচার এবং মুসলিম মিল্লাতের ঐক্য সুদৃঢ় করাই এই জুলুসের প্রধান লক্ষ্য।