দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। ফলে সোমবার ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়। এর আগে শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দেয়।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে যা সোমবার থেকে কার্যকর হয়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকায় বিক্রি করা হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।