রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন কৃষি বিজ্ঞানী ও রিহ্যাবের প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আলী আফজাল বলেন, রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন চাহিদার প্রেক্ষাপটে পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে রিহ্যাবের সদস্যপদ অর্জনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সদস্য, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট প্রদান, উদ্বোধনী অফারের সদস্যদের পুরস্কার বিতরণ, জমির দলিল হস্তান্তর ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্রকল্পের পাঁচজন টপ অ্যাচিভার মোহাম্মদ একরাম হোসেন, বিপ্লব সরকার, রাবিয়া সুলতানা সাথী, রফিকুল ইসলাম রতন ও আব্দুর রাজ্জাককে বিশেষ সেলিব্রিটি পদক দেওয়া হয়।
মাওলানা কারী খন্দকার শহীদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত, প্রকল্পের পরিচিতি উপস্থাপন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।