রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বা ট্রেস পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে। তবে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত জারি করা হয়নি।
অন্যদিকে সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছিল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।