মঙ্গলবার ১৮ আগস্ট ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) চিকিৎসা খাতে অক্সিজেন সংকট নিয়ে একটি নীতি-সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বক্তারা জানান, দেশে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি এবং কোভিড ১৯ মহামারির সময়ের সরবরাহব্যবস্থার বড় অংশ অকেজো হয়ে আছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের সহযোগিতায় সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (চিপস) এই আয়োজন করে।
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদার এ হোসেইন, মো. নাসের শাহরিয়ার জাহেদী, রাশেদ চৌধুরী ও ড. হোসনে আরা আলী। অনুষ্ঠানে আইসিডিডিআর, বি-এর বিজ্ঞানী ডা. এহসানুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় চিকিৎসক ও গবেষকরা জানান, অচল হয়ে পড়া প্ল্যান্টের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে প্রত্যন্ত অঞ্চলে এবং এতে প্রসূতি রোগী ও শিশুরা মারাত্মক ভুগছে। সংকট মোকাবিলায় চিকিৎসা শিক্ষায় অক্সিজেন থেরাপি অন্তর্ভুক্ত করা, মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং সৌরচালিত অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়।
চিপসের পরিচালক ডা. এস এম মোয়াজ্জেম হোসেন জানান, এই সংলাপের আলোচনা থেকে নীতিপত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এছাড়া, আগামী অক্টোবরে আইসিডিডিআর, বি এবং অক্সিজেন নেটওয়ার্কের সহযোগিতায় আইইউবি একটি অক্সিজেন সামিট আয়োজনের পরিকল্পনা করেছে।