ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমীর কলেজ থেকে মাস্টার্স পাস করার পর চালকের পেশা বেছে নিয়েছেন রাবেয়া খাতুন। পরিবারের অমত ও সমাজের প্রচলিত ধারণাকে পেছনে ফেলে তিনি এখন বড় গাড়ির চালক হিসেবে রাস্তায় নামছেন। ড্রাইভিং শেখা তার শখ থাকলেও তা এখন পেশায় পরিণত হয়েছে।
২০১২ সালে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর ২০১৯ সালে বিআরটিসিতে যোগ দেন রাবেয়া খাতুন। শুরুতে তিনি বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার পর বড় গাড়ি চালানোর জন্য গাজীপুরে এক মাস ১৩ দিনের বিশেষ প্রশিক্ষণ নেন তিনি।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মহিলা বাস সার্ভিস উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ১০টি ডিপো থেকে ১৩টি রুটে ১৪টি বাস এই সার্ভিসের আওতায় আনা হয়েছে। উদ্বোধনী দিনে ১৪ জন নারী চালক ও ২৫ জন নারী কন্ডাক্টর এই কার্যক্রমে যুক্ত হয়েছেন।
এই বিশেষ সার্ভিসের কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাকের ব্যবস্থা করেছে বিআরটিসি। নারী চালকদের পরনে থাকবে গোলাপি হিজাব ও জামা, কালো প্যান্ট এবং কনভার্স জুতা। অন্যদিকে নারী কন্ডাক্টরদের পোশাকে থাকবে গাঢ় সবুজ হিজাব, লাল জামা, গাঢ় সবুজ প্যান্ট এবং কনভার্স জুতা।