গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনসহ চারজনের বিরুদ্ধে এক বিধবা নারীর প্রায় ৬৩.৫০ শতক জমি জবরদখল, হুম'কি ও ভ'য়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলার ১২ নং কন্জিবাড়ী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ছয়ঘড়িয়া এলাকার ভুক্তভোগী মমতাজ বেগম সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, স্বামী হারানোর পর থেকে মমতাজ বেগম ও তার পরিবার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি ভোগদখল করে আসছিলেন। তবে অভিযুক্ত মোঃ মোশাররফ হোসেন তালুকদার মিলন, মোঃ হাফিজুর রহমান, মোঃ দুলু মিয়া ও মোঃ নাজমুল হুদা উক্ত জমি জোরপূর্বক নিজেদের দখলে নেয়। স্থানীয় পর্যায়ে একাধিক বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা তোয়াক্কা করেনি।
ভুক্তভোগী নারী জানান, প্রয়োজনীয় খতিয়ান ও দাগ নম্বরসহ জমির সব আইনি কাগজপত্র তার কাছে সংরক্ষিত আছে। নিজের জমিতে প্রবেশের চেষ্টা করলে তাকে সরাসরি বাধা ও হুমকি দেওয়া হয়। বর্তমানে জমিসহ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। পুলিশি তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও জমি উদ্ধারের দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শিক্ষক মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।