রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বহির্ভূত আর্থিক সেবাদানকারী কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বা ইডকলের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ অর্থবছরের অর্জিত মুনাফা থেকে মোট ১২৪ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়।
২০২৫ অর্থবছরে কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল ৫৫৮ কোটি টাকা। ঘোষিত লভ্যাংশের মধ্যে সরকারের অনুকূলে ৬২ কোটি টাকা নগদ লভ্যাংশ প্রদান করা হবে এবং অবশিষ্ট ৬২ কোটি টাকা বোনাস শেয়ার হিসেবে ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানির বিদ্যমান পরিশোধিত মূলধন ৯৩৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে।
সভায় ইডকলের পরিচালক ও শেয়ারহোল্ডারেরা কোম্পানির আর্থিক কার্যসম্পাদনের অগ্রগতি এবং কৌশলগত দিকনির্দেশনা পর্যালোচনা করেন। বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ইডকলের পরিচালক ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, পরিচালক ও বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।