ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে ঢাকায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। একই সময়ে নতুন করে আরও ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এই তিনজনের মৃত্যু হয়। এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮০৫ জন। এর ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭০১ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন মোট ২২ হাজার ১৫৯ জন রোগী। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৭ জন ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বরিশালে ৮০ জন, চট্টগ্রামে ৮২, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৫ এবং রাজশাহীতে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।