গ্যাস সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে আজ জাতীয় গ্যাস গ্রিডে ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, শিল্প ও বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে গ্রিডে গ্যাসের প্রবাহ আরও বাড়ানোর চেষ্টা চলছে। সাম্প্রতিক কারিগরি ও আবহাওয়াজনিত সমস্যার পর এক্সিলারেট এনার্জি ও সামিট গ্রুপ পরিচালিত দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুনরায় চালু হওয়ায় এলএনজি সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
পেট্রোবাংলার তথ্যমতে, বর্তমানে সরবরাহকৃত মোট গ্যাসের মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৮২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছে। এর মধ্যে সামিটের টার্মিনাল থেকে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট এবং বাকি গ্যাস মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে যুক্ত হচ্ছে। তবে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় চালু করতে সাময়িক বন্ধ রেখে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।
মোট সরবরাহের মধ্যে দেশীয় উৎস থেকে শেভরন ৮৭০ মিলিয়ন ঘনফুট, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ৪৭৭ মিলিয়ন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ১৩৯ মিলিয়ন, বাপেক্স ৯৬ মিলিয়ন এবং টাল্লো ৩৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে।