গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঐ এলাকার মৃত মকিজল মিয়ার ছেলে মোঃ আঞ্জু মিয়া(৪৫), মোঃ সামিউল ইসলাম (৫৪), মোঃ আনোয়ার হোসেন (৪৯), মোঃ আলী হোসেন (৪২) সহ১৪ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।
আহতরা হলেন মোঃ আঃ রহিম, রহিমা বেগম, শামছুন্নাহার বেগম, লাকি বেগম সহ আরও ৭ জন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্য বেলকা গ্রামে বাদী পক্ষের লোকজন জমি চাষ করার সময় হঠাৎ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাদীপক্ষের লোকজনের উপর হামলা চালায় আসামীরা।
এ সময় লাঠি-সোটা ও ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিম, মোছাঃ রহিমা বেগম, আব্দুর রহমান, শামছুন্নাহার সহ অন্তত ১০জনকে কুপিয়ে গুরুতর জখম করে মহিলাদের গলায় থাকা স্বার্ণালংকার নিয়ে পালিয়ে যায় আসামিরা।
বাদী মোঃ আঃ রহমান বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের সাথে আসামীদের বিরোধ চলছিল। এর আগেও তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এজাহারটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।