শনিবার দুপুরে রাজধানীর প্রগতি সরণি সড়ক ঘুরে দেখা গেছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস ও প্রেসার নেই। কোথাও গ্যাস না থাকায় টাঙানো হয়েছে সাইনবোর্ড, আবার কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চালকরা। আবুল হোটেল থেকে নতুনবাজার পর্যন্ত থাকা চারটি স্টেশনের দুটিতে গ্যাস না থাকলেও অন্যগুলোতে রয়েছে তীব্র সংকট।
দুপুর সোয়া ১২টার দিকে জামান এবং সিটিজেন সিএনজি স্টেশনে গ্যাস নেই বলে সাইনবোর্ড টাঙানো দেখা যায়। উত্তর বাড্ডার মক্কা সিএনজিতে ১২০ বার প্রেসার থাকায় গাড়িগুলোতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছেন কর্মীরা। হাজীপাড়া সিএনজি স্টেশনে গ্যাস থাকলেও প্রেসার কম থাকায় রামপুরার মোল্লা টাওয়ার পর্যন্ত দীর্ঘ লাইন তৈরি হয়।
চালক রাশেদুল জানান, সাড়ে সাতটায় লাইনে দাঁড়িয়ে সাড়ে চারশ টাকার গ্যাস পেলেও দীর্ঘ সময় নষ্ট হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, সকাল আটটা থেকে মোল্লা টাওয়ারের সামনে লাইনে দাঁড়িয়ে চার ঘণ্টা ধরে তাকে অপেক্ষা করতে হচ্ছে।
কম প্রেসারের কারণে সিলিন্ডারে স্বাভাবিক পরিমাণ গ্যাস ঢুকছে না বলে দুই-তিনটি ট্রিপ দিয়েই চালকদের আবার লাইনে দাঁড়াতে হচ্ছে। তীব্র রোদের মধ্যে দীর্ঘ সময় ধরে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে গ্যাস সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।