রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫ আগস্টকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৫২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঈশান ও হাসিব নামের দুজনকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের আটকে রাখা প্রয়োজন। আজ আসামিদের শুনানিতে আদালতে হাজির করা হয়নি এবং তাদের পক্ষে কোনো জামিনের আবেদনও করা হয়নি।
এর আগে ভাটারা থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, ১৫ আগস্ট উপলক্ষে ওই ফ্ল্যাটে জড়ো হয়ে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা মুঠোফোন ও তিনটি ব্যানার জব্দ করা হয়। জব্দ করা ব্যানারে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কথা লেখা ছিল।