গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ।পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা এবং দলীয় কার্যক্রম ঘিরে তৎপরতার তথ্যও পুলিশের কাছে ছিল বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ার্দারকে আটক করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব আলী জোয়ার্দারকে আটক করা হয়েছে।” পরে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, নায়েব আলী জোয়ার্দারের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৪ সালেও নায়েব আলী জোয়ার্দারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
তবে নায়েব আলী জোয়ার্দারের বিরুদ্ধে পুলিশের উত্থাপিত অভিযোগের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।