১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই ঘটনায় গ্রেফতার দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা মোতালিব এবং যুবলীগ নেত্রী মেহেজাবীন আক্তার মালাসহ ৫২ জন। মামলার নথি অনুযায়ী, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
অভিযোগে বলা হয়, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। ঘটনাস্থল থেকে তিনটি দামি মোবাইল ফোন ও ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।