চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের বিনামূল্যে বিতরণের ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসা পরিদর্শনে গিয়ে সুপারের কার্যালয়ের পাশে একটি তালাবদ্ধ কক্ষ দেখতে পান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ। পরে কক্ষটি খোলার নির্দেশ দিলে সেখান থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয় এবং পরে বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের বিনা মূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়েছিল। কী কারণে বীজগুলো এখনো বিতরণ করা হয়নি এবং কীভাবে রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল যার মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বীজ তিনি মাদ্রাসায় রেখেছিলেন এবং ব্যস্ততার কারণে আর বিতরণ করতে পারেননি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ জানান, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।