তীব্র জলাবদ্ধতা ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বাসাবাড়ির ভেতরে-বাইরে নোংরা পানি থৈ থৈ করায় সেখানে অর্ধশতাধিক পরিবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে পানিবন্দি এসব অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাভার পৌর যুবদলের অন্যতম নেতা জনাব জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার। স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর এলাকার সার্বিক অবস্থা এখন অত্যন্ত করুণ। ঘরবাড়ির ভেতরে পানি জমে থাকায় রান্নাবান্না ও দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। শিশু ও বয়স্করা রয়েছেন সবচাইতে বেশি স্বাস্থ্যঝুঁকিতে। চারদিকে নোংরা পানি জমে থাকায় এলাকাটিতে ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসকষ্টসহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়া চলাচলের পথ ডুবে থাকায় শিশু-কিশোররা স্কুলে যেতে পারছে না, ফলে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা।বর্তমানে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় না থাকায় পরিবারগুলোতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধের তীব্র সংকট তৈরি হয়েছে। স্থানীয় ভুক্তভোগীরা আক্ষেপ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে তারা এই কষ্টে দিন কাটালেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। খাবার ও জরুরি চিকিৎসার অভাবে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, কাঞ্চনপুরের এই জলাবদ্ধতা নতুন নয়। সামান্য বৃষ্টি হলেই অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাভার পৌরসভার দীর্ঘমেয়াদী কোনো উন্নয়ন পরিকল্পনায় এই অবহেলিত এলাকা অন্তর্ভুক্ত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা জরুরি ভিত্তিতে কার্যকর ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন ও পানি নিষ্কাশনের জন্য পৌরসভা ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন। তবে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, জলাবদ্ধতায় চরম সংকটে পড়া এসব পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে এবং তাদের মাঝে প্রয়োজনীয় সহায়তার ত্রাণ সামগ্রী পৌঁছাতে ছুটে যান সাভার পৌর যুবদল নেতা জনাব জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক অবস্থার তদারকি করেন এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেন।এ সময় জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার বলেন, "পৌরসভার চরম অবহেলা ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই মানবিক বিপর্যয়ে জনগণের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।স্থানীয় বাসিন্দারা জানান, সংকটময় এই সময়ে যুবদল নেতা জুয়েল তালুকদারের সময়োপযোগী সহায়তার উদ্যোগে অসহায় পরিবারগুলোর মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। একই সাথে কাঞ্চনপুরের স্থায়ী জলাবদ্ধতা দূর করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন তারা।